ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে দক্ষিণ ক্যারোলিনায় ২৪, জর্জিয়ায় ১৭, ফ্লোরিডায় ১১, নর্থ ক্যারোলিনায় ১০ ও ভার্জিনিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্র্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত বৃহস্পতিবার ক্যাটাগরি-৪ হারিকেনটি ফ্লোরিডায় আঘাত হানে। এ সময় ঝড়টির গতি ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে জর্জিয়া রাজ্যে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের পরই দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয়টি অঙ্গরাজ্যে কেন্দ্রীয় সরকার জরুরি পরিস্থিতি ঘোষণা করে। এগুলো হলো আলাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসি। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ অঙ্গরাজ্যের বহু পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। তবে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কার্যক্রম চালাতে দেশটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আট শতাধিক সদস্য কাজ করছে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে।
