জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন, ‘যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে কারামুক্ত হয়েছে, তারা নজরদারিতে রয়েছে। কোনো অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল রবিবার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ওয়ালটন-ক্র্যাব ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেননি, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে মাইনুল হাসান বলেন, ‘এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’
এ ছাড়া মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।’
