রাঙ্গাবালীতে স্লুইসগেট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার জন্য স্লুইসগেট দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সংলগ্ন চরবগলা স্লুইসগেট দখল করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, তাদের চাষাবাদের সুবিধা ও জলাবদ্ধতা নিরসনের জন্য স্লুইসগেট (জলকপাট) নির্মাণ করা হয়েছিল। কিন্তু ক্ষমতার ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা বছরের পর বছর স্লুইসগেট দখল করে জাল দিয়ে মাছ ধরে। ইচ্ছে খুশি মত পানি উঠায়-নামায়।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে মৌডুবি ইউনিয়নের চরবগলা স্লুইসগেটটি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কব্জায় ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপির দুই পক্ষের নজর পড়ে ওই স্লুইসগেট। মাছ ধরার জন্য দুই পক্ষই স্লুইসগেট দখলে নিতে চায়। তাদের দুই পক্ষের আধিপত্য বিস্তার এবং স্লুইসগেট দখল নিয়ে রোববার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুত্বর আহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দেলোয়ার তালুকদার (৪৫), আমিনুর রহমান (৪০), শাকিল তালুকদার (৩৫), রাব্বি ভুইয়া (২৮), খলিল হাওলাদার (৪৫), রুহুল আমিন হাওলাদার (৪০)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা শহর পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত