ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, থানা এলাকার অপরাধের ধরন বিশ্লেষণপূর্বক অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল সোমবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধ পর্যালোচনা সভায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
সভায় ডিএমপি কমিশনার বলেন, মামলা নিষ্পত্তিতে অযথা বিলম্ব না করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্স সংগ্রহের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে না গেলে ইন্টেলিজেন্স পাওয়া যাবে না। নাগরিকদের কাছে যেতে হবে ও তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, যে থানা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সফল হবে সে থানার ওপর জনসাধারণের তত বেশি আস্থা তৈরি হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য এখন থেকেই সবাইকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে।
