কর্মকর্তাদের সততার সবক দিয়ে নিজেই জড়ান দুর্নীতিতে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনিয়ম-দুর্নীতির তথ্য দেশ রূপান্তরেরর কাছে তুলে ধরেন সেতু বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। 

তিনি বলেন, কমিশন-বাণিজ্য, পদোন্নতি, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী পদে পদায়ন, অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ হাজারো অনিয়ম করেছেন তিনি। তবে এসব অনিয়ম তিনি সরাসরি না করে তার পোষ্য কর্মকর্তা-কর্মচারীসহ বিশেষ সিন্ডিকেট দ্বারা পরিচালিত হতো। তার দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে।

সেতু বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘হাস্যকর হলো এটা যে, তিনিই (ওবায়দুল কাদের) বলতেন, মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও প্রধান কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয়, তা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। গত ৭ জুলাই সচিবালয়ে একটি অনুষ্ঠানে সততার এমন সবক দেন ওবায়দুল কাদের।’

ক্ষমতাচ্যুতির আগে অনিয়ম-দুর্নীতি মন্ত্রী কাদের আড়াল করে রাখতে সক্ষম হলেও তার মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। ওবায়দুল কাদেরের সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল, ‘খেলা হবে, খেলা হবে। আবারও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে।’ এমন সব চটকদারি বক্তব্যের আড়ালে দুর্নীতি-অনিয়ম চলে আসছিল তার মন্ত্রণালয়ে।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত