স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পিএম

রাজধানীর চকবাজার হাজী বাল্লু রোডে একটি বাসায় স্বামীর উপর অভিমান করে সিদ্দিকা আক্তার স্মৃতি (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার হাজী বাল্লু রোডের বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সিদ্দিকা কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাচর গ্রামের খাইরুল ইসলামের মেয়ে। বর্তমানে স্বামী হুমায়ুন কবির ও দুই সন্তানকে নিয়ে চকবাজার হাজী বাল্লু রোডে ভাড়া বাসায় থাকতেন।

হাসপাতালে মৃত সিদ্দিকার স্বামী হুমায়ুন কবির জানান, তিনি নিজে ভাঙ্গারীর ব্যবসা করেন। তার স্ত্রী সিদ্দিকা চকবাজারে একটি পলিথিন কারখানায় কাজ করতেন। গত কয়েক দিন ধরে সিদ্দিকা ফোনে এটি ছেলের সাথে কথা বলতেন। এবিষয় নিয়ে মঙ্গলবার সকালে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে চড়থাপ্পড় দেন তিনি। এরপর বাসা থেকে বের হয়ে যান হুমায়ুন। বিকালে বাসায় ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিদ্দিকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত