নার্সদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তাদের চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সচিবাললে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাথে বৈঠক করেন পরিষদ নেতারা। সেই বৈঠকে উপদেষ্টার দাবি পূরণের আশ্বাসে আগামীকাল বুধবারের কর্মবিরতি স্থগিত করেছে পরিষদ।

এ ব্যাপারে আজ মঙ্গলবার রাতে পরিষদের অন্যতম সদস্য সাব্বির মাহমুদ তিহান দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আংশিক দাবি মেনেছেন। উনি বলেছেন চারটি পরিচালক পদের মধ্যে আগামীকালের মধ্যে দুইজন নার্সকে দায়িত্ব দেওয়ার আদেশ জারি করে দেবেন। বাকি পরিচালক ও মহাপরিচালকের পদ আপাতত শূন্য থাকবে।

তিনি বলেন, নার্সদের মহাপরিচালক হওয়ার ক্ষেত্রে চলমান নিয়োগ বিধিতে কিছু বাধা আছে। এই নিয়োগবিধি সংশোধন করে এটাকে যুগোপযোগী করতে হবে যাতে নার্সরা মহাপরিচালক হতে পারেন। এমন নিয়োগবিধি প্রণয়ণের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হবে। এ জন্য আমরা আগামী দুইদিন সময় নিলাম। কর্মবিরতি স্থগিত করা হলো। শুক্রবার পর্যন্ত সব কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে আশ্বাস পূরণ না হলে আবার শাটডাউনে যাব আমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত