পাঁচ মাসের মাথায় ভাঙল অর্থনীতি সমিতির কমিটি

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:১৯ এএম

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমানকে সভাপতি করে বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব ই জামিল।

সোমবার ড. মো. আজিজুর রহমান ও সৈয়দ মাহবুব ই জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ঘোষিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতির জরুরি সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গত মে মাসে একতরফা ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ২০২৪ গঠন করা হয়।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতি ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গতকাল মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন চৌধুরী, আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক এমডি ড. নুরুল আলম তালুকদার, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. মোক্তার কবির খান এবং অ্যালায়েন্স বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী জওহার রিজভী।

এতে বলা হয়, বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি এই সমিতির সুনাম ভাঙিয়ে সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে ব্যাংক খাতকে ধ্বংস করেছে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে। সর্বশেষ গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করে জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে একাত্মতা প্রকাশ এবং গণহত্যায় মদদ দিয়ে অর্থনীতি সমিতির সদস্যদের চরম অপমানিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত