নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ৮ লাখ টাকা ফেরত দিয়েছে সংশ্লিষ্ট চাঁদাবাজরা। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
তারা জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে ৩ লাখ টাকা এবং রপ্তানিমুখী তৈরির পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর ব্যবসায়ীদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা নেয় কিছু চাঁদাবাজ। গত ৫ আগস্টের পর এক উদ্ভূত পরিস্থিতিতে চাঁদা নেয় তারা। তখন ব্যবসায়ীরাও ঝুঁকিমুক্ত থাকতে তাৎক্ষণিক চাঁদা দেন। পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হয়। এ ছাড়া ব্যবসায়ীদের ঐক্যের কারণে চাঁদাবাজরা সেই টাকা ফেরত দিয়ে গেছে।
তবে চাঁদাবাজদের নাম জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, চাঁদার টাকা ফেরত দিয়েছে এটাই যথেষ্ট। এ ধরনের কাজ করতে আর কেউ সাহস পাবে না।
