নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ ও নেত্রকোণা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোণা সদরের চল্লিশা ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু জোবায়ের, একই ইউপির শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, বারহাট্টার নিশ্চিন্তপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন, পূর্বধলার বিশকাকুনি ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দুর্গাপুরের সদর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র লুৎফুর রহমান বলেন, আটককৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম শাওনকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে। অন্যদেরকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও স্থাপনা ভাঙচুর, লুটপাটসহ নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
