চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এটি ছিল মোহাম্মদ সালাহর রেকর্ডের রাত। নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। গড়েছেন টানা গোল করার রেকর্ড। চলতি আসরে লিভারপুলের এটি টানা দ্বিতীয় জয়।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটির ১১তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সালাহর বাড়ানো বল ধরে গোল করেন আলেক্সিস ম্যাক আলিস্টার। লিভারপুলের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল এটি। প্রথমার্ধে একটি গোলই হয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫তম মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন সালাহ।
এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই। ইংলিশ ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নস লিগে টানা হোম ম্যাচে সর্বোচ্চ ৭ গোল আছে আর্সেনালের থিয়েরি অঁরির। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রুড ফন নিস্টলরয় করেছিলেন ৬ গোল।
শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে মিশরীয় তারকা আফ্রিকান রেকর্ডও গড়েছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ গোলের মালিক এখন সালাহ। ৪৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন দিদিয়ের দ্রগবা। সালাহর রেকর্ডের রাতে তার দলও পেয়েছে জয়ের স্বস্তি।
বাংলাদেশের বিশ্বকাপ আজ শুরু আমিরাতে 