লক্ষ্মীপুরে পুকুর থেকে কুমির উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের এক বাড়ির পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের লিডার রেজাউলের একটি টিম ও এলাকাবাসীর সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন।

এ সময় কুমিরের আক্রমণে বাবলু (২৭) নামে এক জেলে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করলে পরে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার চরবংশী ইউপির চান্দারখাল এলাকায় কুমিরের বিচরণ নিয়ে গত কয়েকদিন থেকে জেলেরা আতঙ্কিত রয়েছেন। আরও কুমির আছে বলেও এলাকাবাসীরা ধারণা করছেন।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। বন্যার পানি জমে থাকায় গত দুই মাস ধরে চান্দারখাল এলাকায় কুমিরটির বিচরণ ছিল। 

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধারকৃত কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতের মধ্যে ঢাকায় পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত