মারা যাওয়া ২ আ. লীগ নেতার বিরুদ্ধে আন্দোলনে হামলার অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯৬ জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. এমরান। ওই মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা।

গত ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বুধবার (২ অক্টোবর) রাতে এ মামলা করা হয়। তবে নাম উল্লেখ করা ৯৬ জনের মধ্যে ২ আওয়ামী লীগ নেতা অনেক আগেই মারা গেছেন। মামলার নথিপত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আসামি হওয়া মৃত আসামিদের মধ্যে একজন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মমিন। তিনি গত ২৪ জুন ভোরে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। মামলায় তাকে ৩৩ নম্বর আসামি করা হয়েছে। 

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা মমিনের ছেলে মো. সাঈফ বলেন, আমার বাবা চলতি বছরের ৪ জুন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। মামলার বিষয়টি এখনই জানলাম। আমার বাবা তো জুনেই মারা গেছেন। তিনি কী করে ৪ আগস্টের হামলার ঘটনায় মামলার আসামি হন বুঝে আসে না। 

মামলায় আসামি আরেকজন ওয়াহিদুর রহমান ফরিদ। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। ফরিদ গত বছরের সেপ্টেম্বরে কিডনিজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। মামলায় তাকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে। 

প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদের বড় ছেলে মো. ফরহাদ বলেন, আমার বাবা মারা গেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। তিনি কিডনিজনিত সমস্যার কারণে মারা গেছেন। তার মৃত্যুর এক বছর পরের ঘটনার মামলায় আসামি করা হয়েছে। এটা কেমন অবিচার? একজন মৃত মানুষ কী করে আসামি হতে পারেন? 

মামলার বাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. এমরান বলেন, মামলার অভিযোগ এবং অভিযুক্তদের নাম ঠিক আছে। আসামিদের নাম শনাক্তে কোনো ভুল আছে কি না আমরা খতিয়ে দেখছি। 

সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার বাদী অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ সেটার তদন্ত করবে। মৃত কারও নাম পাওয়া যায় তবে তদন্তে তার নাম বাদ পড়বে। একটি ঘটনার বিষয়ে মামলা হলে সেই ঘটনার সত্যতা বেরিয়ে আসে পুলিশের তদন্তে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল করব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত