দলীয়করণ ও রাজনীতিকরণ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই: আমিনুল হক 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করব না। আমরা দলীয়করণ মুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই। আমরা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উত্তরার কামারপাড়া স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজাতে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে। যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারব। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

জিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে জিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তুরাগ থানা ছাত্রদল নেতা আবির রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর আলী, আফাজ উদ্দিন, আহসান হাবিব মোল্লা, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, রিপন হাসান খন্দকার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত