ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন অ্যালিসন বেকার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা এমনিতেই নড়বড়ে। এর ওপর ইনজুরিতে আক্রান্ত হলেন অ্যালিসন বেকার। গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে অ্যালিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলকিপার। এই চোটে বাছাইপর্বের আগামী দুই ম্যাচে তাকে পাচ্ছে না ব্রাজিল।

লিভারপুলের কোচ আর্না স্লটের শঙ্কা, অভিজ্ঞ এই গোলকিপারকে বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, তাতে বোঝা যায় স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না। এরপর (আন্তর্জাতিক বিরতি শেষে) প্রথম ম্যাচেও তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে।’

আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু। এই দুই ম্যাচের জন্য অ্যালিসনের বিকল্প কাউকেই খুঁজতে হবে দরিভাল জুনিয়রকে। আর্না স্লট আরও বলেছেন, ‘সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত