মন দুনিয়া

ক্যাম্পাস প্রেম ও ত্রিভুজ দ্বন্দ্বের গল্পে তৌসিফ তটিনীর নতুন নাটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ এএম

ক্যাম্পাস প্রেম, ত্রিভুজ অভিমান আর দীর্ঘ পারিবারিক টানাপড়েনের এক গভীর আখ্যান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মন দুনিয়া’। ইমরোল রাফাতের পরিচালনায় ও অভ্র মাহমুদের গল্প-নাট্যরচনায় সম্প্রতি ক্যাপিটাল ড্রামা থেকে মুক্তি পাওয়া এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রযোজনা করেছেন আনোয়ারুল আলম সজল।

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঝামেলার মুখে পড়ে আবির (তৌসিফ)। সেখানেই বন্ধুত্বের সূচনা হয় সহপাঠী তুলির (তটিনী) সঙ্গে। একই সার্কেলের আরেক বন্ধু রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে নাটকীয় মোড় নেয় গল্প। প্রস্তাব প্রত্যাখ্যান করে তুলি স্পষ্ট জানিয়ে দেয়, সে রাতুলকে নয়, ভালোবাসে আবিরকে। তবে বন্ধুত্বের খাতিরে আবির নিজের আবেগ চেপে দূরে সরতে চাইলে তৈরি হয় এক অদ্ভুত মনস্তাত্ত্বিক দূরত্ব।

দুই পরিবারের ঘোর বিরোধিতা ও বাবার দেওয়া শর্তে জীবনের টানাপড়েন আরও তীব্র হয়। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে হেরে একসময় আলাদা হয়ে পড়ে আবির ও তুলি। পার হয়ে যায় দেড় বছরেরও বেশি সময়। দূরত্ব ও নীরবতার পরও দীর্ঘ সময় শেষে তুলির তীব্র আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে নাটকের আবেগঘন সমাপ্তি ঘটে, যেখানে জয় হয় সত্যিকারের ভালোবাসার।

জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুদের বোঝাপড়া এবং পারিবারিক বাধার চিত্রায়ণে নাটকটি দর্শকহৃদয়ে অন্যরকম আবেদন তৈরি করবে। তৌসিফ ও তটিনীর অনবদ্য অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে যাবেÑ এমনই প্রতশ্যা নাটকসংশ্লিষ্টদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত