দক্ষিণী সিনেমা থেকে বলিউড অভিনয়দক্ষতা ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সাঁই পল্লবী। নাচের প্রতি আগ্রহ থেকেই তার বিনোদন জগতে পথচলা শুরু। ২০০৮ সালে নাচের রিয়েলিটি শোতে অংশ নেন তিনি। তবে অভিনয়ে অভিষেক ঘটে ২০১৫ সালে মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে। এতে মালার চরিত্রে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘ফিদা’য় ভানুমতী চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পান। ‘মারি টু’, ‘লাভ স্টোরি’, ‘শ্যাম সিংহ রায়’ ও ‘গার্গি’র মতো সিনেমায় নিজের অভিনয়ের বৈচিত্র্য তুলে ধরেছেন। বিশেষ করে ‘গার্গি’তে শক্তিশালী অভিনয় তাকে সমালোচকদের প্রশংসা এনে দেয়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘আমরণ’ সিনেমায় ইন্দু রেবেকা ভার্গিস চরিত্রেও নজর কাড়েন তিনি।
ক্যারিয়ারের নতুন অধ্যায় যুক্ত হয়েছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দিয়ে। এতে সীতার চরিত্রে অভিনয় করেছেন সাঁই পল্লবী। তার বিপরীতে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে যশ। আরও রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, অরুণ গোভিল ও রাকুল প্রীত সিং।
৫ নভেম্বর মুক্তির পর প্রথম দিনেই সিনেমাটি ভারতের বক্স অফিসে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি নেট আয় করেছে। বিশ্বব্যাপী আয় নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর হিসাবে কিছুটা পার্থক্য থাকলেও বড় উদ্বোধনী সাফল্য পেয়েছে সিনেমাটি।