তারাগঞ্জে ১১৭ বস্তা সার জব্দ, জরিমানা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম

রংপুরের তারাগঞ্জে বিনির্দেশবহির্ভূতভাবে সার মজুত ও পরিবহনের দায়ে কনক কুমার দত্ত নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা ও তারাগঞ্জ থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার। এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।

সার পরিবহনের দায়ে কনক কুমার দত্তকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার থানাপাড়া এলাকার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত