নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বে দায়েরকৃত মামলার সঙ্গে এজাহারটিকে যুক্ত করে তদন্ত করা
হবে। একই ঘটনায় নতুন কোনো মামলা হবে না।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী সংগ্রামী ছাত্র-জনতার মিছিল নিয়ে নাকশি থেকে চিত্রা সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের দেশব্যাপী খুন, গুম, জখমের হুকুম পেয়ে অন্য আসামিরা দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে হামলা চালায়। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হন।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১০। ৫ অক্টোবর সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্ত করা হবে।
