প্রতিবন্ধী দবিরের উপার্জনের একমাত্র বাহন চুরি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

শারীরিক প্রতিবন্ধী দবির খানের উচ্চতা সাড়ে ৩ ফুট। তার উপার্জনের একটি ব্যাটারিচালিত ভ্যান ছিল। ভ্যানটি চালিয়ে দবিরের সংসার চলত। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর বিশেষ পদ্ধতিতে তৈরি করা ব্যাটারিচালিত ভ্যানটি তার নিজ বাড়ির আঙিনা থেকে চুরি হয়ে যায়। 

ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে দবির ৪ সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। একদিকে কিস্তির বোঝা, অন্যদিকে সংসার। দবির খান (৪০) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের মৃত আহমেদ খানের ছেলে।  

দবিরের প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মানে প্রতিবন্ধকতা। আকারে সাড়ে তিন ফুট হওয়ায় তেমন কিছুই করতে পারেন না তিনি। মানুষের কাছ থেকে চেয়ে সংসার চালানো দবির আর কারো কাছে হাত পেতে সহযোগিতা নিতে চান না। তাই তিনি স্থানীয় একটি সংস্থা (এনজিও) থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি কেনেন। 

দবীরের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান শারীরিক প্রতিবন্ধী। সবাই উচ্চতায় ছোট (খর্বাকৃতির) প্রতিবন্ধী পরিবার হলেও ভ্যান চালিয়ে দবিরের সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে তার ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন তিনি। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে দবির বলেন, গাড়িটি চুরি হয়ে যাওয়ার পর থেকে ভীষণ কষ্টে আছি। কিভাবে সংসার চালাবো, তাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে কিস্তির চাপ রয়েছে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ টাকা। একদিন গাড়ির চাকা না ঘুরলে আমার সংসারের চাকাও ঘুরে না। ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ কেউ কেউ কিছু আর্থিক সহযোগিতা করছে, তবে এভাবে আর কতদিন? 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান বলেন, তার একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়েছে বলে জানতে পেরেছি। তিনি শারীরিক প্রতিবন্ধী, বিষয়টি নিয়ে তিনি থানায় একটি অভিযোগ করেছেন। আমি থানার ওসির সাথে কথা বলব। এটি নিয়ে যেন তারা কার্যক্রম গ্রহণ করে। আমাদের কার্যালয় থেকে তাকে আর্থিক সহযোগিতা করা গেলে আমরা আর্থিক সহযোগিতা করব।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, শারীরিক প্রতিবন্ধী দবির খানের ভ্যানগাড়ি চুরি হয়েছে মর্মে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। আমি সঙ্গে সঙ্গে সেখানে আমার থানার একজন অফিসারকে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত