বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে তাকে সীমাবাড়ী ইউনিয়নের বেটখোর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গৌরদাস রায় চৌধুরী শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির কার্যকরী সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার বিকেলে গৌরদাস রায় চৌধুরীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে হামলা ও অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সাবেক দুই সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত