অপহরণের ৭ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার, তরুণী গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের ৭ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে (১২) কালাপাহাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে সোমবার রুমা আক্তার (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমা উপজেলার হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার মেয়ে। 

মাদ্রাসার ছাত্রীর মা মামলায় উল্লেখ করেন, হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার ছেলে সৌদি প্রবাসী রুবেল মিয়া আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এজন্য পরিবারকে পাত্রী পছন্দের জন্য ফোনে জানিয়েছেন। গত মাসের শুরুর দিকে রুবেলের পরিবার উলুকান্দি এলাকার ওই মাদ্রাসার ছাত্রীকে পছন্দ করে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। মেয়ে এখনও নাবালিকা ও পড়ালেখা শেষ হয়নি বলে তাদের প্রস্তাব ফিরিয়ে দেন ওই মাদ্রাসার ছাত্রীর বাবা। 

এ বিষয়টি রুবেলের পরিবার স্বাভাবিকভাবে মেনে নেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর সকালে ওই মাদ্রাসাছাত্রী জুতা কেনার জন্য রাধানগর বাজারে গেলে সেখান থেকে সেন্টু মিয়া, তার মেয়ে রুমা এবং স্ত্রী মরিয়ম বেগম সাদিয়াকে জোরপূর্বক স্পিডবোটে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে হাজিরটেক এলাকার সেন্টু মিয়া (৪৮), তার স্ত্রী মরিয়ম বেগম (৪৪) ও কন্যা রুমা আক্তারের (২২) নাম উল্লেখ ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন  স্থানে অভিযানে নামে। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এ মামলার আসামি রুমা আক্তার গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তী অনুযায়ী অভিযান চালানো হয়। পরে সোমবার বিকেলে ওই মাদ্রাসাছাত্রীকে কালাপাহাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত