নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তরে অভিযানকালে কাজী ফার্মের তিন দালাল হাতেনাতে ধরা পড়েছে। এ সময় এসব দালাল ডিম ক্রয়ের ক্যাশ মেমো না দেওয়ায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সারা দেশের অভিযানে ১৪৮টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
