ক্রিমিয়ায় রাশিয়ার জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

  • ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত তেল টার্মিনালটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী
  • এই তেল টার্মিনালটি থেকে রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানী সরবরাহ করা হয়ে থাকে 
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:০৫ পিএম

রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতে রুশ বাহিনীর প্রধান জ্বালানি তেল টার্মিনালে হামলার দাবি জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই তেলের টার্মিনাল থেকে যুদ্ধ ক্ষেত্রে জ্বালানি সরবরাহ করে থাকে রাশিয়া।

স্থানীয় সময় সোমবার ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত তেল টার্মিনালটিতে হামলার তথ্য জানায় কিয়েভ। খবর আল জাজিরা ও দ্যা মস্কো টাইমস।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ‘রাতে, ক্রিমিয়ার অস্থায়ীভাবে দখল হয়ে যাওয়া ফিওদোশিয়ায় রুশ অফশোর তেল টার্মিনালে একটি সফল হামলা চালানো হয়েছে।‘

সামাজিক মাধ্যমে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ‘রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের দক্ষিণ উপকূলে ফিওদোশিয়ার তেল টার্মিনালটি থেকে রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানী সরবরাহ করা হত। এই হামলাটি রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার একটি চলমান প্রচেষ্টার অংশ।‘

অন্যদিকে, ফিওদোশিয়াতে রাশিয়া কর্তৃক নিয়োগ কর্তৃপক্ষ সোমবার সকালে তেলের টার্মিনালে আগুনের খবর দিলেও, কী কারণে আগুন লেগেছে তা জানায়নি। তবে এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তেলের টার্মিনাল লক্ষ্য করে কিয়েভের ছোড়া ২১টি ড্রোনের মধ্যে রাতারাতি ১২টি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করা হয়।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ চলছে। রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা জেরাদার করেছে কিয়েভ। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও উন্নয়ন ঘটিয়েছে ইউক্রেন। রুশ জ্বালানি তেলের ডিপো ও পরিশোধন কেন্দ্রগুলো এবং অস্ত্রাগারে হামলা চালানোই লক্ষ্য।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরভস্কের কাছে পূর্ব ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি জানিয়েছে। এক ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানায়, রাশিয়ান সৈন্যরা পোকরভস্কের কাছে দোনেৎস্ক অঞ্চলের হ্রোদিভকা গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত