প্রচণ্ড শক্তি নিয়ে ফ্লোরিডার দিকে এগোচ্ছে হারিকেন মিল্টন

  • মঙ্গলবারের মধ্যে এটি ক্যাটাগরি ৫ এ পরিণত হতে পারে, জানিয়েছে আবহাওয়াবিদরা
  • ফ্লোরিডার দক্ষিণে ১০-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শংকা রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

মারাত্মক এবং ধ্বংসাত্মক হারিকেন হেলেনের তাণ্ডব এবং ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডা। এরই মধ্যে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে হারিকেন মিল্টন এগিয়ে আসছে রাজ্যটির দিকে।

স্থানীয় সময় সোমবার হারিকেনটি ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়টি আঘাত হানতে পারে। খবর সিএনএন।

হারিকেন সেন্টারের বরাতে প্রতিবেদনে বলা হয়, হারিকেনটি ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ৫৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঝড়টি ক্যাটাগরি ৪ এ থাকলেও মঙ্গলবারের মধ্যে এটি ক্যাটাগরি ৫ এ পরিণত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়াবিদরা।

এই ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত ফ্লোরিডা রাজ্য জুড়ে ১০ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফ্লোরিডা জুড়ে প্রায় ২ কোটি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া ফ্লোরিডার দক্ষিণে ১০-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শংকা রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সবেমাত্র হারিকেন হেলেনের তাণ্ডব থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিলেন ফ্লোরিডার বাসিন্দারা। এরই মধ্যে পুনরায় হারিকেন মিল্টনের ঝুঁকিতে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে তাদের। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে মানুষদের সরিয়ে নেওয়া হবে।

হারিকেন মিল্টনের প্রভাব মোকাবিলায় ইতিমধ্যে ক্যালিফোর্নিয়াসহ অন্যান্য রাজ্য থেকে দমকল কর্মী এবং উদ্ধার কর্মীরা ফ্লোরিডায় এসেছেন। এছাড়া হারিকেন হেলেনের পর উদ্ধারকাজে সহায়তার জন্য আগে থেকেও অনেক উদ্ধারকর্মী ফ্লোরিডাতে অবস্থান করছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর ফ্লোরিডা উপকূলে মারাত্মক শক্তিশালী ক্যাটাগরি ৪ হারিকেন হেলেন আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যটি। ভয়াবহ আকস্মিক বন্যায় ইতিমধ্যে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে পৌঁছেছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, হারিকেন মিল্টন সম্পর্কে খোঁজ রেখেছেন তিনি। তার প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি ফ্লোরিডার সমস্ত বাসিন্দাদের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশমত চলার জন্য এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত