প্রবাসীদের জন্য শাহজালালে হচ্ছে বিশেষ লাউঞ্জ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২৪ এএম

প্রবাসীদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। গতকাল মঙ্গলবার বেবিচকের প্রধান কার্যালয়ে এভিয়েশন এবং পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

এই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সহসভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, ইসি সদস্য আলতাব হোসেন, সংগঠনটির জ্যেষ্ঠ সদস্য আবুল আজাদ সোলাইমান, নিয়াজ মোরশেদ, সরোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ ক্ষমতার থেকেও অনেক বেশি পরিমাণ যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। বিমানবন্দরের সেবা বৃদ্ধিতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান। আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আইন উপদেষ্টা পার্কিং এরিয়া সরেজমিন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত