আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল মঙ্গলবার সকালে দুই উপদেষ্টা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদের ট্রাইব্যুনালের ভবন ও ভবনসংলগ্ন এলাকা ঘুরে দেখান। পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা (দুই উপদেষ্টা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরনো ভবন, যেখানে বিচার কার্যক্রম হবে, সেটার সংস্কার কাজ দেখতে। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও তাদের সঙ্গে ছিলেন। উপদেষ্টারা তাদের কাছ থেকে কাজের অগ্রগতি জেনেছেন। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন দুই উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলন কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থা পুনর্গঠন করা হয়েছে।
