নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ, ইরানের বিরুদ্ধে প্রাণঘাতী প্রতিশোধের অঙ্গীকার

  • ফোনালাপে ইসরায়েলকে অটুট সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • ইরানের বিরুদ্ধে প্রাণঘাতী ও মারাত্মক হামলার প্রতিশ্রুতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:২১ পিএম

ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় দুই মাস পর ফোনে কথা বললেন তারা।

স্থানীয় সময় বুধবার প্রায় আধা ঘণ্টা ফোনালাপ করেন তারা। খবর রয়টার্স।  

গত আগস্টের পর বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে প্রথম প্রকাশিত ফোনালাপ এটি। আলাপে গাজা ও লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সহিংসতা বৃদ্ধির মধ্যেই ইসরায়েলকে অটুট সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাঁ-পিয়েরে তাদের এই আলাপকে প্রত্যক্ষ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাইডেন ও নেতানিয়াহু ইরানের সঙ্গে সংঘাত নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

বিডেন-নেতানিয়াহুর ফোনালাপের শেষে এক ভিডিওতে ইরানের বিরুদ্ধে প্রাণঘাতী ও মারাত্মক ইসরায়েলি হামলার প্রতিশ্রুতি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। তিনি বলেন, 'যে আমাদের ওপর আক্রমণ করবে সে আঘাত পাবে এবং তার মূল্য দিতে হবে। আমাদের আক্রমণ হবে মারাত্মক, সুনির্দিষ্ট এবং সর্বোপরি আশ্চর্যজনক। তারা বুঝতে পারবে না কী ঘটেছে এবং কীভাবে ঘটেছে। তারা শুধু ফলাফল দেখতে পাবে।"

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ফোনালাপে যোগ দেন। তিনি আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। তিনি ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছেন।

এর আগে গত সপ্তাহে বাইডেন বলেছিলেন, ‘ইসরায়েলের জায়গায় থাকলে তিনি ইরানের তেলক্ষেত্রগুলোয় হামলার বিকল্প ভাবতেন।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত