হারুনকে কে পাচার করেছে, প্রশ্ন সেলিমা রহমানের

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, তারা গার্মেন্টস শিল্পসহ নানাভাবে অস্থিরতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশের মূল লক্ষ্য গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার। আমাদের অনেক কাজ এখনো বাকি। কত যে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তার সঠিক হিসাব নেই।’

তিনি বলেন, ‘ডিবির সাবেক কমিশনার হারুন আমেরিকায় বসে মিডিয়ায় সাক্ষাৎকার দেয়। তাকে কে পাচার করেছে?’

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘গত আন্দোলনে আমাদের মা-বোনরা, সন্তানরা শহীদ হয়েছেন। আমার স্বাধীন হয়েছি ঠিকই। শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তবে আমাদের লক্ষ্য অর্জন হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন এখনও পূরণ হয়নি। দীর্ঘদিন কারাগারে রেখে খালেদা জিয়াকে অসুস্থ করে দেওয়া হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন। যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারব সেদিন আমাদের সুদিন হবে। আমাদের শহীদরা সার্থক হবে। বাংলাদেশের জন্য আমাদের ত্যাগ কাজে আসবে।’

সেলিমা রহমান বলেন, ‘ড. ইউনূস বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, তিনি প্রয়োজনীয় সংস্কার ঘরে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নেতা মাইনুল ইসলাম বাদল তালুকদার ও সঞ্চালনা করেন আবুল বাশার আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত