সৌদি আরবে হজযাত্রীদের সমুদ্রপথে জাহাজে পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, জাহাজে হাজিদের পাঠানো হলে চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদের ঋণ দেয় তাহলে সম্ভব হবে।
শুক্রবার রাতে ধর্ম উপদেষ্টা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিআ’ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন; সেখানে মাহফিল শুরুর আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। ধর্মে অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, লেখাপড়া করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার। সব অধিকারের ক্ষেত্রে দরজা সব সময় খোলা এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য সচেষ্ট আছি এবং থাকব।
পূজায় নাশকতার কোন আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, গত দু’দিন যাবত শান্তিপূর্ণভাবে পূজা হয়ে আসছে। আমাদের প্রত্যাশা, আশা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্পন্ন হবে।
চট্টগ্রামে পূজা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, সজল দত্ত নামের এক লোক, কিছু মুসলমান ছাত্রদের পূজা মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেন হিন্দু-মুসলিম ঐক্য-মিলন এই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারা এটা করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে দুই ধরনের তথ্য আসছে। আমরা জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে তখন সরকারিভাবে স্টেটমেন্ট দিতে পারব।
মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজতে ইসলামের জেলার সাবেক সহ-সভাপতি আবু তাহের জিহাদীর সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
ডিমের দাম বৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা