‘গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, পুনরুদ্ধার করেছে বিএনপি’

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম

বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একটি ফ্যাসিবাদীর বিদায় হয়েছে, বাংলাদেশে কোনো দিন যেন আর আর্বিভাব না ঘটে। এই দেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। এই ভূখণ্ডের যারাই বসবাস করি আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার পরিচয় আমরা বাংলাদেশি। কাজেই এ বাংলাদেশ সকলের, কারও একার নয়।

তিনি বলেন, একটি কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। এই স্বৈরাচার সরকার দেশকে নিজস্ব সম্পদ মনে করতেন। সেজন্য তারা লুটপাট রাজত্বের কায়েম করেছিলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন, গুম-খুন করেছে। এই পরিবেশ কেউ চায় না।

তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাই-ভাই হিসেবে আমরা বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায় উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়িয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত