পাতাঝরা দিনের ফ্যাশনে ডেনিম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ এএম

বৈশ্বিক ফ্যাশনে বেশ পাকাপোক্ত স্থান ডেনিমের। শীত ও গরম দুই সময়ের সঙ্গী ডেনিম। এবার ফল কালেকশন হিসেবে জায়গা নিয়েছে ডেনিমের পোশাক। কুর্তা, শার্ট, টপের পাশাপাশি ডেনিমে তৈরি হয়েছে কো-অর্ড ড্রেস।  ডেনিমের নানা ধরনের পোশাক নিয়ে লিখেছেন মোহসীনা লাইজু

ডেনিমের কো-অর্ড সেটের ক্ষেত্রে বিষয়টি আলাদা। একই কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে পোশাকের টপ এবং বটম পার্ট। যা এমন এক স্টাইলের ধারা, যাতে টপের সঙ্গে প্যান্ট মেলাতে মোটেই ভাবতে হয় না। এবার সেই কো-অর্ড সেটে যুক্ত হয়েছে লাইট ডেনিম। গরম ও বৃষ্টির মাঝামাঝি সময়ে পোশাক হিসেবে ডেনিমকে বেছে নিতে পারেন। রিসোর্ট ওয়্যার, লাউঞ্জ ওয়্যার বা বিচ ওয়্যার হিসেবে কো-অর্ডের প্রচলন আগে থেকে থাকলেও, সময়ের সঙ্গে এখন উৎসবের পোশাক হিসেবেও অনেকেই পছন্দ করছেন। গরম ও হালকা শীতের মাঝামাঝি সময়টায় অনেকে বেছে নিচ্ছেন ডেনিমের কো-অর্ড সেট। ডেনিমের হালকা ও গাঢ় দুটো রঙে আছে এই সেট। রেগুলার ওয়্যার কিংবা অফিস ওয়্যার দুটোর জন্যই আদর্শ। কো-অর্ড পোশাক ঢিলেঢালা বা ওভারসাইজ ধরনের হওয়ায় দেখতে যেমন স্মার্ট, তেমন গরমে আরামদায়ক। ডিজাইনার জেবা বখতিয়ার জানান, গরম ও বৃষ্টির কথা মাথায় রেখেই কো-অর্ড সেটে লাইট ডেনিম ফেব্রিকস ব্যবহার হয়েছে। আরামদায়ক ঢিলেঢালা হওয়ায় যে কেউ স্বচ্ছন্দে এই পোশাকটি বেছে নিতে পারেন। নকশা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে মেশিন এমব্রয়ডারি ও ডাই। কো-অর্ড পোশাকের বিশেষত্ব হলো, এর স্টাইলিং নিয়ে তেমন চিন্তা করতে হবে না। কো-অর্ডের সেট একসঙ্গে পরার জন্যই ডিজাইন করা হয়। একই কাপড়ের তৈরি টপ এবং বটম এই হলো কো-অর্ড সেট। এই ধারা যেকোনো পোশাকেই অনুসরণ করা যেতে পারে। একই নকশার তৈরি কামিজ ও পায়জামা, টপ স্কার্ট যেকোনো কিছু দিয়েই হতে পারে কো-অর্ড সেট। টপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিউশনধর্মী কাট রয়েছে। কাপ্তান, ক্রপ টপ, পাঞ্জাবি ধরনের ঢোলা কামিজ, পেপ্লাম ধাঁচের ব্লাউজ, ঢোলা শার্ট ইত্যাদি অনেক কিছুই দেখা যাচ্ছে কো-অর্ড সেটের টপ হিসেবে। আর বটম পার্টে একই কাপড়ের তৈরি ঢোলা প্যান্ট, স্ট্রেট কাটের পায়জামা, হারেম প্যান্ট, প্লাজো, সারারা বা লেহেঙ্গার ব্যবহার করা হচ্ছে। কো-অর্ড সেটের প্যান্ট একদম সোজা কাটের। নেক লাইনে শার্ট প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আপার এবং বটম একইরকম হলে অস্বস্তি লাগতে পারে, তাই বেছে নিতে পারেন নিউট্রাল কালার। সঙ্গে ডেনিমের উপর ছোট ছোট মেশিন এমব্রয়ডারির নকশাও রয়েছে।

ডেনিমকে নতুনত্ব দিতে এর ওপর কাজ করেছেন বিশ্বের নানান ডিজাইনার ও এক্সপার্ট। তার মধ্যে পিছিয়ে নেই আমাদের দেশ। শুরুতে ডেনিম প্যান্ট ও শার্ট জনপ্রিয় হলেও ধীরে ধীরে প্যান্ট-শার্টের পাশাপাশি ফুল ও শর্ট স্লিভ জ্যাকেট, ব্লেজার, হুডি, কুর্তি, কটি, ফতুয়া, টপস, স্কার্ট, ডিস্ট্রেসড, মেয়েদের লংশার্ট থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ ও পাঞ্জাবিও এসেছে। হাল ফ্যাশনের সবটাই দখল করে আছে ডেনিম। ডিজাইনার ফারাহ আনজুম বলেন,  ডেনিমের পোশাক সবসময় পরিধানযোগ্য। মূলত ডেনিমের গ্রহণযোগ্যতা পাওয়ার এও একটি কারণ।

এ নিয়ে ডিজাইনার রুহুল চৌধুরী বলেন, এ দেশে ডেনিমের চাহিদা সবসময় আছে ও থাকবে। ডেনিমের টেকসই বৈশিষ্ট্য এর জনপ্রিয়তার প্রধান কারণ। যেহেতু আমাদের দেশ আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে, সে ক্ষেত্রে বর্তমান ফ্যাশন ট্রেন্ডে আছে ডেনিম। সমসাময়িক সময়ে ডেনিমের লংশার্ট, পাঞ্জাবি, কুর্তি ও টপস বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে তরুণ-তরুণীদের কাছে। এতে নতুন করে যোগ হয়েছে ভেজিটেবল ডাই। ডেনিম পোশাকের ধরন ডেনিম এখন আর আগের মতো নেই। ডিজাইনাররা এর ওপর নানা কাজ করে তৈরি করেছেন নতুন নতুন ডেনিম পোশাক। তার মধ্যে একটি হলো ডেনিম

কুর্তি। এর মধ্যে রয়েছে সুতি ডেনিম কুর্তি, ডেনিম কলার কুর্তি, ডেনিম স্টাইলিশ কুর্তি, স্টিচড ডেনিম কুর্তি ইত্যাদি। এই কুর্তি বেশ ঢিলেঢালা, সেই সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা থাকে। ডেনিমের এই কুর্তির হাতায় ও কলারে এমব্রয়ডারি কারুকাজ করে নতুনত্ব দেওয়া হয়েছে। নকশাদার বোতাম লাগিয়েও এর আকর্ষণ বাড়িয়ে তোলা যায়। এ ধরনের কুর্তিতে স্ক্রিনপ্রিন্টের নকশাও যোগ হয়েছে। কুর্তিতে পকেট লাগিয়ে কারচুপির কাজ করা হয়েছে। এ ধরনের কুর্তি জেগিংস ও চাপা জিন্সের সঙ্গে ভালো মানায়। ডেনিম পোশাকে মেয়েদের কুর্তি ছাড়াও রয়েছে পঞ্চ, ফতুয়া ও লংশার্ট। প্যান্টের সঙ্গে আছে ডেনিম লংশার্ট। এসব লংশার্টে নকশা নেই। হাতার ডিজাইন ও কলারে খানিকটা পরিবর্তন এনে পকেট লাগিয়ে এসব লংশার্ট তৈরি হয়েছে, যা সাদাসিধে। এ ধরনের শার্ট বেশিরভাগ ক্ষেত্রে আকাশ নীল ও নেভি-ব্লু রঙের। অনেক লংশার্টের কোমরে বেল্টের ব্যবস্থা রয়েছে। আছে লেডিজ সিøভলেস ডেনিম, যা তরুণীরা টিউনিক হিসেবে ভেতরে স্কিন গেঞ্জি দিয়ে পরছেন। এ ধরনের শার্ট অনেকটা জ্যাকেটের মতো। খুব একটা বাহারি নকশা না থাকলেও বোতাম ও পকেটে দেখা যায় খানিকটা স্টাইলের ছোঁয়া। ছেঁড়া পকেট এবং কালারফুল ও আভিজাত্যপূর্ণ বোতাম লাগিয়ে এই স্লিøভলেস ডেনিম শার্টে বিশেষত্ব আনা হয়েছে। স্লিভলেস ডেনিম শার্ট কোমর পর্যন্ত এর বেশি নয়। এ ছাড়া মেয়েদের আরেকটি পছন্দের পোশাক ডেনিম ফতুয়া। এতে দেখতে পাওয়া যায় ফ্লোরাল মোটিফের ছড়াছড়ি। ডেনিম ফতুয়া গলা, বুক, হাতায় দেখা যায় ফ্লোরাল প্রিন্ট। এ ছাড়া ফতুয়ায় কয়েকটি শেডের ব্যবহারও দেখা যায়। ডেনিম ফতুয়ায় হাফ প্লেট ও বড় বোতামের ব্যবহার নজর কাড়ছে। ডেনিমের সঙ্গে কিছু কারুকাজের সমন্বয়ে পাওয়া যাচ্ছে হুডি। এসব হুডিতে ছোট ও বড় দুই ধরনের পকেট দেখা যাচ্ছে। এ ছাড়া ডেনিম ও ওভেন ফিউশনেও কিছু হুডি এসেছে। প্যান্টের মধ্যে আছে স্ট্রেইটকাট, কমফোর্ট ফিট, বুটকাট, স্লিম ফিট ইত্যাদি। এ ছাড়া প্যান্ট পরনের ধরন অনুযায়ী আছে হাইওয়েস্ট প্যান্ট, রেগুলার রাইজ, লো রাইজ, সুপার লো রাইজ ইত্যাদি। ন্যারো, সেমি-ন্যারো, স্ট্রেটকাট, স্কিন প্যান্ট মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে।

ডিজাইনার রিমা নাজ বলেন,  জিন্স দিয়ে এই ডেনিম শুরু হলেও ছেলেমেয়ে উভয়ের ফ্যাশন ট্রেন্ডে যুক্ত হয়েছে এর নানা ধরন। তার মধ্যে ডেনিম ব্লেজার, পাঞ্জাবি, শার্ট, কটি স্কার্ট, ফতুয়া, কুর্তি, ডিস্ট্রেসড সবই তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে। কেননা, ডেনিম যেমন আরামদায়ক, তেমনি স্টাইলিশ। দেশের সৃজনশীল ডিজাইনাররা এর কাটছাঁট ও প্যাটার্নে বৈচিত্র্য এনে ডেনিমে দিয়েছে নতুনত্ব, যা গ্রহণযোগ্যতা পাচ্ছে সবার কাছে। আমার ধারণা, ভবিষ্যতে ডেনিম নিয়ে আরও অনেক সৃজনশীল কাজ হবে, যা প্রশংসা পাবে বিশে^র ফ্যাশন জগতে। রঙের ছটা ডেনিমে নীল রঙের আধিক্য বেশি থাকলেও বর্তমান ফ্যাশন ট্রেন্ডে নীলের পাশাপাশি দেখতে পাওয়া যায় কালো, আকাশি, ছাইরঙা, লাইট বেগুনি, বাদামিসহ নানা রঙ। আর দেখতে পাওয়া যায় একসঙ্গে কয়েক রঙের শেড। মূলত এখন শেডের ডেনিমগুলোর চাহিদা বেশি। ডেনিম পোশাকে বডিতে এক রঙ আবার পকেট বা কলারে ভিন্ন রঙের সমন্বয়ে আনা হয়েছে বৈচিত্র্য। এ ছাড়া ছোট ছোট পট্টি লাগিয়েও রঙের বাহার আনা হয়েছে পোশাকে। তেমনি নানা রকম সুতার নকশাও যোগ হয়েছে।

কোথায় পাবেন

ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের বেশ কিছু দোকানে পাবেন ডেনিমের ফল কালেকশন। ব্র্যান্ডের মধ্যে রয়েছে লা-রিভ, সারা লাইফস্টাইল, এক্সট্যাসি, সেইলর, ক্যাটস আই, টুয়েলভ, নয়ের, আর্টিসান। এ ছাড়া নুরজাহান, নিউ মার্কেট, গাউছিয়া, বঙ্গবাজার, মিরপুরসহ যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, গুলশান পিংক সিটিতেও পেয়ে যাবেন ডেনিমের নানা পোশাক। তবে ব্র্যান্ডের শোরুম থেকে পোশাক নেওয়া ভালো। কারণ এধরনের ডেনিমের কোয়ালিটি ভালো থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত