রাঙ্গামাটির কাউখালী, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী মানুষের চলাচলের একমাত্র মাধ্যম খিরাম-বর্মাছড়ি সড়ক। সড়কের বিভিন্ন অংশ সর্বনাশা সর্তার ভাঙন কবলে পড়েছে। যার ফলে তিন উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে ৷
বিশেষ করে সাম্প্রতিককালের স্মরণাতীত বন্যা, উজান ও পাহাড়ি ঢলে সর্তা খালের ভয়াবহ স্রোতে ইতোমধ্যে ফটিকছড়ির দক্ষিণ-পূর্বাংশের জনপথ খিরাম ইউনিয়নের শতাধিক পরিবার ভিটামাটি হারিয়েছে। সর্তার গর্ভে বিলীন হয়ে গেছে শত একর কৃষি জমি।
খিরাম ইউপি সদস্য নুরুল হুদা দেশ রূপান্তরকে বলেন, 'সর্তার ভাঙন নতুন নয় ৷ প্রতিবছর বর্ষায় সর্তা খালের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় খিরাম ইউনিয়নের সর্তা তীরবর্তী জনপদের মানুষ ভাঙন আতঙ্কে থাকেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস বলছে, সর্তা খালের ভাঙন ঠেকাতে পাক-প্রতিরক্ষা কাজের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রেরণ করা হয়েছে। খিরাম জনপদ রক্ষায় মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে।
সরেজমিনে দেখা যায়, খরস্রোতা সর্তার দক্ষিণে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন, উত্তরে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন, পূর্ব-উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন এবং পূর্ব-দক্ষিণাংশে রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন। মাঝে বয়ে গেছে সর্বনাশা খরস্রোতা সর্তা খাল। সর্তা মূলত খাল হলেও বর্ষার ভয়াবহতা দৈর্ঘ্য-প্রস্থ এবং ভাঙন বিবেচনা করলে নদীর রূপ নেয় সর্তা খালটি।
হকার মানু চন্দ্র মহাজন দেশ রূপান্তরকে বলেন, 'সর্তার ভাঙন আতঙ্কে খিরাম, ধর্মপুর, হলদিয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নের অসংখ্য মানুষ। সর্তার ভাঙনে শত শত বাড়িঘর, দোকানপাট ও শত একর কৃষিজমি বিলীন হয়ে গেছে। সর্তা খালের তীরবর্তী মানুষ ২০-২৫ বছর ধরে ভাঙন আতঙ্কে আছেন৷ এবার স্থায়ী প্রতিকার চাই, ভাঙন থেকে নিস্তার চাই৷'
খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ দেশ রূপান্তরকে বলেন, সাম্প্রতিক সময়ের বন্যায় সর্তার ৪টি অংশে ভাঙন সৃষ্টি হয়। সর্তার তীরবর্তী ২ হাজার পরিবারকে বন্যাকালীন আশ্রয়ণ কেন্দ্রে সরিয়ে নিয়েছি। বহু মানুষের বসতভিটা খালগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি হারা হয়েছেন অনেক কৃষক। আমরা পাউবোর সঙ্গে যোগাযোগ করেছি। ইতোপূর্বে পাউবো কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেছেন। আশা করি, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, সর্তা খালের ২টি অংশে ৩শ’ মিটার ভাঙনের কাজ আমরা দ্রুত শুরু করবো।'
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ হত্যায় তিন আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ১১ ঘণ্টার ব্যবধানে ২ মরদেহ উদ্ধার
আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
পূজার পর সাঁড়াশি অভিযান শুরু হবে: আইজিপি