মাদারীপুর জেলার শিবচরে বৌভাতের অনুষ্ঠানে রোস্ট আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর গ্রামে খলিল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই এলাকার খলিল বেপারীর বিয়ের বৌভাত অনুষ্ঠানে দুপুরে খাবার খেতে আসেন স্থানীয় অতিথিরা। খাবার পরিবেশনকারী ইব্রাহিম মোড়লের নিকট রোস্ট চাইলে তা আনতে দেরি হয়। এ সময় ফারুক মোড়ল নামের এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। পরে গ্রামের অতিথিদের সাথে বিয়ে বাড়ির লোকজনের সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় খোকন, ইসমাইল, বিল্লাল, নুরুন্নবী, হেমায়েত ঢালীসহ আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
ইব্রাহিম বেপারী নামের এক যুবক বলেন,'দাওয়াত খেতে আসা একলোক রোস্ট আনতে বলেন। পরে রোস্ট আনতে দেরি হলে তিনি নিজেই রোস্ট আনতে যান। তাকে একটু দেরি করতে বললে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ লেগে যায়।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান,'খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বাংলাদেশের বন্ধু নয়: মঈন খান
থামছে না ফটিকছড়ির সর্তার ভাঙন, আতঙ্কে লক্ষাধিক মানুষ
পূজার পর সাঁড়াশি অভিযান শুরু হবে: আইজিপি