জমি নিয়ে বিরোধ, বোন-ভাবিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের শরীকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আপন বোন ও ভাবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সানঘাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে জোসনা খাতুন এবং গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া খাতুন। ঘাতক মহিবুল ইসলাম ওহিদ সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে। আহতরা হলেন- জাহিদ ও শামিমা খাতুন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, মহিবুল ইসলাম ওহিদ ও তার মেজ ভাই জাহিদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির দখলদারিত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বাড়ির পাশে পৈত্রিক পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা উত্তেজনায় রূপ নিলে ওহিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসেন বোন ও ভাবি। তখন ওহিদ ঘরে থাকা হাসুয়া নিয়ে এলোপাথাড়ি আঘাত করলে বোন শামিমা খাতুন এবং ভাবি জাকিয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, দুইজনের মৃত্যু দেখে ঘাতক মহিবুল ইসলাম ওহিদ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে ঘাতক মহিবুল ইসলাম ওহিদকে গ্রেপ্তার করে।

নিহত জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ চলাকালে তার বোনকে কুপিয়ে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ। তিনি ওহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তিনি আরও জানান, এই ঘটনার ওহিদুলকে আসামি করে হত্যা মামলা করবে তার পরিবার।

নিহত জাকিয়া খাতুনের বোন ডালিয়া খাতুন বলেন, জমিজমা নিয়ে ভাইয়ের সাথে দ্বন্দ্বের কারণে ওরা গাংনী শহরে বসবাস করতাম। গ্রামে খুবই কম যাওয়া হতো। কারণ ঝগড়া বিবাদ লাগতো। বোনকে কত নিষেধ করলাম জাহিদ যাচ্ছে যাক তুই গ্রামে গিয়ে বিপদ ডেকে আনিস না। যাওয়ার সময় বললো বোন তুই চিন্তা করিস না। আমি কাল সকাল হলেই ফিরে আসবো। সকালে বোনের খোঁজ নিতে গিয়ে শুনেছি বোন আমার লাশ হয়ে ফিরছে।

গ্রামবাসী ফারুক আহমেদ জানান, ওহিদ বেকার ছিল। কখনো স্কুলে কখনো এনজিওতে চাকরি করেছে। কিন্তু কোনো চাকরিই বেশিদিন টিকেনি। বেকার হওয়ায় জমি বিক্রি করতো আর সেটা নিয়ে বাড়িতে হট্টোগোল করতো। এভাবে আপন ভাইয়ের হাতে বোন এবং ভাবী খুন হবে এটা গ্রামের লোক বুঝতেও পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত