দুর্নীতি, অপ্রতুল বরাদ্দ ও বরাদ্দ অর্থ ব্যয়ে ঘাটতির কারণে দেশের স্বাস্থ্য খাত রুগ্ণ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা স্বাস্থ্যসেবা সুরক্ষায় আইনের জরুরি প্রয়োজনীয়তার কথাও বলেছেন। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অপ্রতুল বাজেট এবং দুর্নীতির বেড়াজাল : স্বাস্থ্য খাতের রুগ্ণ দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সুস্বাস্থ্যের বাংলাদেশ নামের নাগরিক সংগঠন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ একেবারেই অপ্রতুল। এটা বাড়ানো দরকার। দেশে একটি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন অতিজরুরি হয়ে পড়েছে। ডা. আতিয়ার রহমান বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ঘটেছে। এসব দুর্নীতির তদন্ত হওয়া উচিত, যাতে কেউ আর ভবিষ্যতে দুর্নীতি ও অনিয়ম করতে সাহস না পায়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাতে অপ্রতুল বাজেট। তারপরও দুর্নীতি হচ্ছে। এই খাতের দুর্নীতি নির্মূলে কঠোরভাবে কাজ করা উচিত।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন বলেন, বাজেটে যে বরাদ্দ হয় আমরা সেটাও পুরোটা ব্যয় করতে পারছি না, ব্যয়ের ঘাটতি থেকে যাচ্ছে। বাজেট ব্যয়ের ক্ষেত্রে এই দক্ষতার অভাবও দুর্নীতির সুযোগ করে দেয়। বাজেট ব্যয়ের দক্ষতা বৃদ্ধিতে ইতিমধ্যেই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. কাজী সাইফউদ্দীন বেননূরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর খান।
