সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আনিস বেপারি (৩৩) নামে এক দোকান কর্মচারীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপিসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আহত ওই দোকান কর্মচারী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
ভুক্তভোগী আনিস বেপারি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেপ বেপারির ছেলে। তিনি সাভারের দক্ষিণ রাজাসন এলাকায় থেকে সাভার নিউ মার্কেটের একটি দোকানে কাজ করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারধর ও গুলি বর্ষণ করে গুরুতর জখমসহ হত্যাচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে সাভার নিউ মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বাম হাঁটুর নিচে, কোমর, পেটে ও মাথার বাম দিকে গুলিবিদ্ধ হন আনিস বেপারি। পরে দীর্ঘদিন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ছিলেন।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন ছাড়াও আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, জুলাই-আগস্ট হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে হওয়া বেশিরভাগই মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতিমধ্যে মামলাগুলো বিশেষায়িত সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
