বিএনপির ৩ নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৪ এএম

সরকার পতনের পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের বিরুদ্ধে একাধিক সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পুকুর দখলের অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকড়া গ্রামের রাশিদা সুলতানার ৪০ বিঘার (১৩ দশমিক ১৪ একর) ১০টি পুকুর দখল করায় গত ৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থাসহ বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, পুকুর দখলের একটি অভিযোগ পেয়েছি। এটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরের দিন ৭ আগস্ট সন্ধ্যায় ওই তিন নেতার নির্দেশে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম ও তার লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৮ থেকে ১০ আগস্ট টানা তিন দিন সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে ১০টি পুকুর দখলে নেন। এতে বাধা দিলে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে বিএনপি মহাসচিবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন রাশিদা সুলতানা নামের এক ভুক্তভোগী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, ‘দিনদুপুরে আমাদের চোখের সামনে পুকুরে জাল ফেলে অবৈধভাবে বিএনপি নেতারা এই মাছগুলো মেরে নিলেন। কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। এটি চরম অন্যায়। আমরা ছোটবেলা থেকেই এই পুকুরগুলো রাশিদা সুলতানাদের পরিবারকে চাষ করতে দেখে আসছি। এগুলো তাদের সম্পূর্ণ বৈধ মালিকানাধীন পুকুর। মালিকানা পুকুর কেউ এভাবে দখল করে? আমি আগে কখনো দেখিনি।’

তবে অভিযুক্ত চাঁদা দাবি ও পুকুর দখলের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী মোবাইল ফোনে বলেন, ‘দলের সম্পাদক ও সাংগঠনিকসহ আমরা ঢাকায় রয়েছি। ওই ১০টি পুকুরের বিষয়ে কাগজপত্র নিয়ে বসা হয়েছিল। এত দিন পুকুরগুলো যারা চাষ করেছেন, তাদের পক্ষে আদালতের নির্দেশ থাকলেও ওই সম্পত্তির কোনো খাজনা-খারিজ নেই। এরপর ব্যস্ততার কারণে বিষয়টি আর সমাধান করা হয়নি।’ তিনি উপজেলা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সরকারি পুকুর দখলের অভিযোগের বিষয়ে বলেন, ‘বিগত ১৬টি বছর পুকুরগুলো আওয়ামী লীগের লোকজন খেয়েছে। এখন কিছুটা এদিক-সেদিক তো হবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত