সাবেরের জামিন অন্য খুনিদের রেফারেন্স হতে পারে : এ্যানি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সাবের হোসেন চৌধুরী কি ধোয়া তুলসী পাতা? জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তাকে জামিন দেওয়া হয়েছে। বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার আসামি সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন অন্য খুনিদের জন্য রেফারেন্স হতে পারে। তাই তাকে পুনরায় গ্রেপ্তার করতে হবে।’

গতকাল বিকেলে সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাতটি মামলা থাকার পরও কীভাবে রিমান্ডে থাকা অবস্থায় তিনি জামিন পেলেন, সরকারের কাছে প্রশ্ন রেখে এ্যানি বলেন, ‘গুম-খুনের শিকার পরিবারের পাশে সরকার দাঁড়ানি। খুনিদের বিচারে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে অনুদান পৌঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা ছাত্র আন্দোলন করেছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ফাটল ধরানো যাবে না।’ এ সময় গুম ও খুন হওয়া পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত