গত ৫ আগস্ট এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কার্যক্রম শুরু করেছে ছাত্রদল। এবার ক্যাম্পাসে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয় তাদের সদস্য ফরম বিতরণ ও জমা নেওয়া কার্যক্রম। রাজনীতির আঁতুড়ঘর খ্যাত মধুর ক্যান্টিনে ফরম বিতরণ করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। ১৭ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের দায়িত্বশীল সূত্র।
নেতারা জানান, নেতাকর্মীদের সঠিক তথ্য যাচাই বাছাইয়ের লক্ষ্যে ১০ টাকা মূল্যের সদস্য ফরম বিতরণ শুরু করেছে ছাত্রদল। ক্যাম্পাসে সরাসরি ফরম বিতরণ এবং জমা নেবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুইয়া ইমন। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যারা সশরীরে ফরম নিয়ে জমা দিতে পারবে না, তাদের অনলাইনে জমা নেওয়ার হবে বলে জানান তারা।
মধুর ক্যান্টিনে সদস্য ফরম বিতরণ করতে দেখা যায় কবি জসিমউদদীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিমকে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত শিক্ষার্থীদের মাঝে ফর্ম বিতরন কার্যক্রম চালু করেছে। হলগুলোতে পূর্বের ছাত্রলীগের কোন কর্মী বা ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে অতীতে শিক্ষার্থীদের উপর নির্যাতনকারীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে এতদিন আমাদের কর্মীদের সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। গণঅভ্যুত্থানের পর আমরা ক্যাম্পাসে সশরীরে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। তাই আমরা অফলাইন এবং অনলাইনে ফরম বিতরণ এবং জমা নেওয়া শুরু করেছি। আগামী তিনদিন চলবে এই কার্যক্রম।
