সামরিক স্থাপনায় চোখ তেল আবিবের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪১ এএম

পারমাণবিক বা তেল সংক্রান্ত কোনো কাঠামোতে নয়, ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গত ৯ অক্টোবর ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহু। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই ফোনালাপের সময়ই নেতানিয়াহু ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্য হাতে নেওয়ার কথা জানান। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও হোয়াইট হাউজ, উভয়ই কোনো মন্তব্য করেনি। তবে প্রতিবেদনটি প্রকাশের পর মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের বক্তব্য আমলে নেয়। তবে তারা জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে।

লেবাননে হিজবুল্লাহ প্রধানসহ শীর্ষ নেতা ও ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার অভিযোগে সম্প্রতি ইসরায়েলে ইরান অভিমুখে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার পর নেতানিয়াহু কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেন। সে সময় থেকে ইসরায়েলি পাল্টা হামলার মাত্রা কতখানি হতে পারে এবং পরবর্তী সময় আরও বিস্তৃত আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের শীর্ষ নেতার আলোচনার পর নেতানিয়াহু বুঝতে পেরেছেন যে ইরানের বিপক্ষে তার নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ কারণে নেতানিয়াহু ‘মধ্যম মাত্রার’ হামলায় রাজি হয়েছেন। শুরুতে তিনি পারমাণবিক স্থাপনা ও তেল পরিশোধনাগারে হামলার বিষয়গুলো বিবেচনায় রেখেছিলেন। আর নেতানিয়াহুর এই নমনীয় হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন এবং সেটি পরিচালনায় ১০০ মার্কিন সেনা পাঠাতে রাজি হয়েছেন। এর আগে ইরানের হামলার পর বাইডেন প্রকাশ্যে জানান তিনি ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট কোনো স্থাপনার ওপর হামলাকে সমর্থন করেন না।

এদিকে, ইরানে মধ্যম মাত্রার হামলার পরিকল্পনা জানালেও, লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালানোর পর এ কথা বলেন তিনি। গত রবিবার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়। আহত হন আরও ৬৭ জন।  এর মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের হাফিয়া শহরের কাছে একটি নৌঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত