মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতঘরে আটকে রেখে এক তরুণীকে গর্ভপাত করার চেষ্টা ও হাতুড়িপেটা করার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে গর্ভপাত করতে আসা টিমের নারী সদস্য আম্বিয়াকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, ইদ্রিস আলীর ছেলে রিপন শেখ কয়েক দিন আগে ঢাকার মিরপুর থেকে এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গতকাল দুপুরে তার গর্ভপাত করাবেন বলে জানান। এতে ওই তরুণী রাজি না হওয়ায় তাকে হাতুড়িপেটা করা হয়।
এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রিপনের প্রথম স্ত্রী তানিয়া বেগমও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘আমার স্বামী জোর করে ওই নারীর গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে হাতুড়িপেটা করা হয়। এ সময় তার চিৎকারে আমরা ছুটে আসি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা খুব একটা ভালো নয়।’
জানতে চাইলে শ্রীনগর থানার ওসি ইয়াসিন মুন্সী বলেন, ‘এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। অভিযুক্ত রিপন শেখ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
