হামলায় জামায়াত নেতা ও দুর্বৃত্তের কোপে নারী নিহত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:৫৫ এএম

শরীয়তপুরের ডামুড্যায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ইউনিয়নের মধ্যসিড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল মধ্যসিড্যা এলাকার মৃত নুরু বক্স মাঝির ছেলে। তিনি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিরাজুলের সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বুধবার সকালে সেই জমিতে মাপ হচ্ছিল। এ নিয়ে তাদের কথা কাটাকাটি শুরু হয়ে মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে জাহাঙ্গীরের ছেলে শরীফ সিরাজুলকে ধাক্কা দিলে, তিনি পরে গিয়ে আঘাত পান। অসুস্থ অবস্থায় স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, প্রতিপক্ষরা সিরাজুলকে ধাক্কা দিলে মাটিতে পরে হাঁটুতে আঘাত প্রাপ্ত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। আমি জেনেছি তিনি হার্টের রোগী ছিলেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদ নামে এক ইটভাটার মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ জেসমিন আক্তারকে কুপিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হারুন গ্রামের মৃত আনিছ মোল্লার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত