অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের সুনাম ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি এম আর ওসমানী। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্জুমান মুফিদুল ইসলাম সম্প্রতি কিছু অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে। গত মাসে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মচারীরা বেতন কাঠামোর সংশোধনের দাবিসহ অন্য কিছু দাবি উত্থাপন করেন। এ বিষয়ে প্রথমে আঞ্জুমানের নির্বাহী কমিটির কাছে বিষয়টি উত্থাপিত হয়। পরে আঞ্জুমান পরিচালনা কর্র্তৃপক্ষ কর্মচারীদের দাবি মেনে নেয় এবং কর্মচারীরা খুশি হয়। কিন্তু অপ্রত্যাশিতভাবে সম্প্রতি চারজন কর্মচারীর বদলিকে কেন্দ্র করে তারা পুনরায় আন্দোলন শুরু করেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম বলছে, দেশের ৩২টিরও বেশি জেলায় আঞ্চলিক অফিস রয়েছে এবং এই বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। অফিসের প্রয়োজন অনুযায়ী বদলি করা হয়। সম্প্রতি চারজন কর্মচারীকে বদলি করা হয়েছে। যেখানে আঞ্জুমান মুফিদুল ইসলামের চলমান কিছু প্রকল্প রয়েছে। এই প্রয়োজনীয় বদলি সত্ত্বেও চারজন কর্মচারীর এ নিয়ে অন্য কর্মচারীদের প্রভাবিত করে আন্দোলন করছে।
