জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর টিকাটুলির বলধা গার্ডেন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান।
এ সময় তারা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার এবং ভাঙা রাস্তা দ্রুত সংস্কার করে জনজীবনে স্বস্তির দাবিও জানান।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সম্পাদক সাইফুল ইসলাম সমীর, মুর্শিদুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াত, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত তিন দশক ধরে জোট-মহাজোটের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ও তাদের সহযোগী লুটেরা ব্যবসায়ীদের চক্র রাষ্ট্রের সকল অঙ্গ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সংস্কৃতি ও রাজনীতি ধ্বংস করেছে। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করার কৌশলে সফলকাম হয়েছে। রাজনীতির সামাজিক চরিত্র হরণ, সরল ও শৈল্পীক গুণাবলীকে ধ্বংস করে জনমানষে বিশেষত, তরুণ-যুবাদের মধ্যে হিংসাত্মক ও দ্বন্দ্ব-সংঘাত উপস্থাপন করে তাদেরকে রাজনীতিবিমুখ করেছে। গত একযুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শাসকগোষ্ঠীর বসন্ত আসলেও শোষিত মানুষের জীবনে কনকনে শীত বা গ্রীষ্মের তীব্র দাবদাহ প্রচণ্ডভাবে বিরাজমান।
সমাবেশে নেতৃবৃন্দ সামাজিক নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু, শ্রমশোষণ বন্ধ, ধন ও আয় বৈষম্যের আবসান, মুক্তবাক প্রতিষ্ঠা, আইনের শাসন তথা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জোটবদ্ধ ও দৃঢ় সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, ‘ইনক্লুসিভনেস’ এর নামে স্বাধীনতা বিরোধী, জিহাদি জঙ্গি, গণহত্যাকারী, লুটপাটকারী, ধর্ষক, ফ্যাসিস্টদের পুনর্বাসন অপচেষ্টা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণহীন, সাম্য-মৈত্রী ও সৌভ্রাতৃত্বের বাংলাদেশ এখন সময়ের দাবি। তিনি শ্রেণি বৈষম্যহীন, মজুরি দাসত্ব মুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনায় ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়ারি, নারিন্দা, ধোলাইখাল, হৃষিকেশ দাশ রোড হয়ে সূত্রাপুর বাজারে এসে শেষ হয়।
দেশের ৪ কোটির বেশি মানুষ চরম দারিদ্রে: জাতিসংঘ
ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-গ্রেপ্তার, পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ
ইউএনওর পোড়া বাড়ি-গাড়িতে কারি কারি টাকার বান্ডিল, ছবি ভাইরাল
অসময়ের তরমুজ এনে দিল লাখ টাকা