নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সাবেক এমপির এমপিওবিহীন ব্যক্তিমালিকানার স্কুলে সরকারি বরাদ্দে ৪ তলা ভবন নির্মাণের প্রতিবাদে এবং অবিলম্বে এ বাবদ বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর গেটের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ব্যবসায়ী নাসির গাজী ও আতিকুর রহমান বনপাড়া ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল আওয়াল মমিন, ডা. রাশিদুল ইসলাম রাজু বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিমালিকানাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। লভ্যাংশ নিজে ভোগ করার জন্য এ তিনি প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করেননি। কিন্তু সংসদ সদস্য থাকাকালে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ করিয়েছেন। অথচ উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে জরাজীর্ণ অবস্থার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বক্তারা সরকারি অর্থে ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের বরাদ্দ বাতিলের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা ব্যয় বরাদ্দে ওই স্কুলের চারতলা বিশিষ্ট ভবন নির্মাণকাজ শুরু করা হয়।
