স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদধারী স্বাস্থ্যকর্মীদের নিয়োগবিধি সংশোধন করে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেড প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আখিল উদ্দিন লিখিত বক্তব্য বলেন, আমরা সমগ্র বাংলাদেশে এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্রে (ইপিআই) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান কাজে নিয়োজিত। ১০টি মারাত্মক সংক্রামক রোগ শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল-জনিত নিউমোনিয়া, রুবেলা এবং ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ৫ (পাঁচ) ভোজ টিটি/টিডি টিকা প্রদান করি। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রামে ভিটামিন এ খাওয়ানো, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, যক্ষ্মা রোগী অনুসন্ধান, ওটস পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগীদের ওষুধ খাওয়ানো, উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান ও কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করি।
