বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সমাজের ওয়াচডগ আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মনে রাখতে হবে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যদি দুর্বল হয় তাহলে রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে যাবে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত 'ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ' শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সিএমইউজে সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, মইনুদ্দীন কাদেরী শওকত, সালেহ নোমান মুস্তফা নঈম, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
কাদের গনি চৌধুরী বলেন, দলবাজি, হলুদ সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ম্লান করে দিচ্ছে। বস্তুনিষ্ঠ, সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপোষ করা চলবে না।
তিনি বলেন, ছাত্রহত্যা ও গণহত্যায় জড়িতদের রাজনীতি কিংবা সাংবাদিকতা অথবা অন্যপেশায় থাকার সুযোগ নেই। কারণ এরা জাতির দুশমন। এদের সাথে আপোষ করা মানে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা।
