কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

ত্রিপুরায় ফ্যাসিবাদের গংরা জমায়েতের অপচেষ্টা করছেন

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের রূপকার খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। পালিয়ে গিয়েও খুনি হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এরই মধ্যে আমরা খবর পেয়েছি, কুমিল্লার পার্শ্ববর্তী সীমান্ত ত্রিপুরায় ফ্যাসিবাদের গংরা জমায়েত হওয়ার অপচেষ্টা করছেন। আমরা ফ্যাসিবাদের গংদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা কখনোই বাংলার মাটিতে সফল হবে না।’

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে মশাল মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ‘কুমিল্লার মাটি ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তির একত্র হওয়ার অপচেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার সমাবেশ ও মশাল মিছিল’ নামের এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা।

এদিকে গতকাল সন্ধ্যায় ভাষা সাহিত্য চর্চা একাডেমি নোয়াখালীর আয়োজনে ‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা সভায়ও কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, ‘কুমিল্লার একটি অংশে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা মিটিং করার জন্য একত্র হচ্ছেন এবং ভারতের আগরতলায় তারা একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। ওই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত