ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে পাঁচটি ৩৮ মিটার উচ্চতার, চারটি ৫৬ মিটার উচ্চতার এবং দুটি ৬৪ মিটার উচ্চতার। গতকাল শনিবার ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘সব দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদান করে বিধায় এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকেপড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে।’
